আমরা 'বাউল' শব্দে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ এর কয়েকটি গোষ্ঠীকে বুঝি যাদের বিশ্বাসে একমাত্র মনুষ্য দেহই উপলব্ধির ও জ্ঞানের একমাত্র উপায় | তাঁদের অনেকেরই এক ধরনের দৈহিক ও মানসিক কসরত অথবা তন্ত্র ও যোগের সংমিশ্রণ দ্বারা মৈথুন এর নিয়ন্ত্রণ এর ওপর জোর দেবার উদ্দেশ্য হল স্ত্রী-পুরুষের পার্থিব সাধারণ্যের সঙ্গে বিচ্ছেদ ঘটিয়ে অন্তহীন জীবনমৃত্যুর চক্র থেকে মুক্তি ও এক চিরস্থায়ী নির্বিকল্প সমাধি | এই প্রক্রিয়া অংশত মৈথুনে রেতপতন বন্ধ করা ও দেহজ সকলরসের গলাধঃকরণ | যাঁরা এই ক্রিয়া মেনে চলেন তাঁরা একে দেহের সংস্কারের উপায় মনে করেন, এবং এ ছাড়া যে মানব জাতির জ্ঞান ও মুক্তির অন্য কোনো পথ নেই এ রূপ মত পোষণ করেন | এই বিশ্বাসধারায় যাঁদের আমরা বাউল নামে ডাকি তাঁরা অন্যান্য নানা ধারার শরীরসাধনায় ব্যাপৃত সাধক বর্গের সমগোত্রীয়, এবং এ ভাবে দেখলে বাউলরা ভারতের বহুবিস্তৃত ও প্রাচীন মোক্ষলাভের পন্থার ভাষা ও অবস্থান ভেদে একটি বিশিষ্ট গোত্র মাত্র | দ্রষ্টব্য যে বাংলা ভাষার সর্ব প্রাচীন পুঁথি (দশম শতকের) চর্যাপদগুলি সান্ধ্য ভাষায় বৌদ্ধ ও শৈব তান্ত্রিক ভাবধারার ইঙ্গিত দেয়, যার থেকে অধুনা কালের বাউল গানে একই ধরণের চিন্তাধারার উত্পত্তি হয়েছে | যেহেতু তাঁদের অনেকের আচারে মৈথুন ও মলমূত্র ভক্ষণ প্রাধান্য পেয়ে থাকে সেজন্য তাঁদের নিকটস্থ অপেক্ষাকৃত রক্ষনশীল মন্ডলী ও ঔপনিবেশিক শিষ্টাচারের মনোভাবাপন্ন সমাজ ও তাঁদের অবহেলা ও তাঁদের উপর অত্যাচার করে থাকেন | আশেপাশের নানা ধর্মের থেকে -- বিশেষ করে বৈষ্ণব ও সুফি ধারার থেকে যত্রতত্র সাংস্কৃতিক ধার নিয়ে এবং সেই সব ধারার আনুষঙ্গিক অনুশাসনগুলিকে বর্জন করে বাউলরা তাঁদের ব্যক্তিকেন্দ্রিক সাধনে চেষ্টিত থাকেন ও জাতিভেদ প্রথাও বর্জন করেন | যদিও ক্তিকেন্দ্রিকতার ফলে ধর্মীয় প্রাতিষ্ঠানিক গোষ্ঠী তাঁদের আক্রমণ করেছেন, উনবিংশ শতকে তাঁদের সঙ্গীত সম্বন্ধে উত্তরোত্তর অনুসন্ধিত্সা জাগরিত হয় | সাহিত্যানুরাগীরা ও শহুরে বাবুরা শখ করে তাঁদের গানের ও গানের অনুষ্ঠানের অনুকরণ শুরু করেন | যখন রবীন্দ্রনাথ ঠাকুর যৌবনে তাঁর পারিবারিক জমিদারির কাজে অধুনা বাংলাদেশের একটি এলাকায় যান তখন লালন ফকিরের সঙ্গে তাঁর পরিচয় হয় | এই লালন আজ বাউল চূড়ামণি হিসাবে স্বীকৃত | রবীন্দ্রনাথের কাছে বাউল সঙ্গীত বঙ্গসংস্কৃতির এক গূড় অন্তর্নিহিত সত্য | তিনি ও তাঁর সহকর্মী ক্ষিতিমোহন সেন সেই গানে প্রকাশিত মানবতাবাদ, ভেদাভেদ বিরোধী মনোভাব, ও বহু ভিন্নধর্মী ভঙ্গীর প্রতি দৃষ্টি আকর্ষণ করেন | রবীন্দ্রনাথ বিশেষ ভাবে সেই সংগীতের কবিত্ব ও গানের সুরের উত্কর্ষকে তাঁর নিজের সৃষ্টিক্রমের একটি উত্স হিসাবে ধরেন | এমন কি তিনি তাঁর নাটকে বাউল চরিত্রের ব্যবহার করেন এবং নিজে সেই চরিত্র ঠাকুরবাড়ির মঞ্চে উপস্থাপিত করেন |

মার্কিন দেশে বাউলদের প্রতি নজর পড়তে শুরু হয় তখনি যখন শিকাগো বিশ্ববিদ্যালয়ের বাংলা সাহিত্যের অধ্যাপক এডওয়ার্ড সি ডিমক হার্ভার্ডের জন্য তাঁর সহজিয়া ধর্মের উপর গবেষণা শুরু করেন (The Place of the Hidden Moon: Erotic Mysticism in the Vaisnava sahajiya cult of Bengal) | ঠিক এই সময়েই মার্কিন কবি আলেন গিন্সবার্গ-এর সঙ্গে তরুণ পূর্ণ দাস বাউল ও তাঁর পিতা নবনী দাস-এর সঙ্গে পরিচয় হয় | মার্কিন দেশে ধীরে ধীরে বীট সম্প্রদায়ের পরে তাঁদের অনুগামী হিপি দের আবির্ভাব হয় এবং ভারত সম্বন্ধে অনুসন্ধিত্সা বাড়তে থাকে, এবং গিন্সবার্গ-এর মাধ্যমে পপ মিউজিক জগতের খ্যাতনামা পার্সোনাল ম্যানেজার আলবার্ট গ্রোসম্যান-এর সঙ্গে যোগাযোগের ফলে পূর্ণ দাস ও তাঁর ভাই লক্ষ্মণ দাস সহ বাউলদের একটি দল আমেরিকায় প্রথম বার ট্যুর করেন | তারপর বহু বাউল গায়ক তাঁদের জন্মভূমির গন্ডির বাইরে গিয়ে বিদেশের শ্রোতার মন কেড়েছেন | আমাদের আশা আমাদের এই আর্কাইভ তাঁদের আরো ভালো ভাবে সকালের কাছে পরিচিত করবে |

Translated by Soumya Chakravarti and Aditi Nath Sarkar